প্রতিবন্ধকতার বলয়

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

জন্মান্তর যদি মিথ্যে হয় এই হবে শেষ দেখা। দুঃখ, জরা,ক্লেদ,বিরহ, বেদনা কিংবা দগ্ধ যন্ত্রণার কাছ থেকে শুধু নয়, বিদায় নেব- নতুন সূর্য, আলোকিত পৃথিবী, ঝরা শিশিরের কাব্য, অঝোর ধারার বৃষ্টি থেকেও। জানি আমি এ অন্যায়, ব্যর্থ বোকা মানুষের কথা । এ সিদ্ধান্ত কেবলই মূর্খতা, তবুও আজ নিরুপায় আমি তাছাড়া আমি বিজ্ঞও নই। চারিদিকে ধুসর কাল ছায়া, প্রবঞ্চনার পঞ্চালিকা। ঘৃণায় প্রলুব্ধ মন আজ ভগ্ন বিশ্বাস আর তিক্ত যাপিত জীবনের অনুপুঙ্খের প্রান্তিক দ্বন্দ্বের সম্মুখে ঠাই দাড়িয়ে। শুধু কেঁপে ওঠা বুকের দীর্ঘশ্বাস বলে দেয় আমি বেঁচে আছি আজও।
পুরনো জানালার চৌকাঠে ধরা ঘুণ, ভগ্ন ঘরের চাল আমাকে বিভ্রান্ত করেছে প্রতিদিনই। চারিদিকে গভীর বিষাদের দেয়াল, বন্ধ দরজার পাল্লা। ভেবেছি আমি- ঐ ঘুণে ধরা জানালার চৌকাঠ, ভগ্ন ঘরের চালা সেকি মুক্তির দিশা নাকি নিরাশ্রয় হওয়ার অশনি সংকেত। দ্বিধা জাগ্রত মনে প্রতিটি ক্ষণে তাই জীবনকে মনে হয়েছে দুর্বোধ্য। অনুভুতি হয়েছে পথভ্রষ্ট, অনুসন্ধিৎসু দৃষ্টিভঙ্গি হয়েছে বিফল। তবুও বার বার ইন্দ্রিয়ভূত হয়েছে অচেনা এক সুর আজানা এক প্রতিবন্ধকতা ।
নিরেপেক্ষ মহাকালের কোলে আমি অপেক্ষা করেছি, করেছি আরাধনা,মিলাতে গিয়েছি এই তান্ত্রিক জীবনের যৌগিক অংকের সরল সমীকরণ।আমি পারিনি তা, তবে জেনেছি প্রেম মিথ্যে,শুধু কল্পনায় তার সত্য বিচরন।এখানে যুদ্ধ,ধংস,পাপ, অবিনাশী, বিবেক অন্ধ-বধির,জড় পদার্থ। তাই অপেক্ষার পালা শেষে আমি দুহাতে দেখেছি শুধুই শূন্যতা। তাই বেঁচে থাকার আকুলতা পৌঁছে গেছে একেবারে শূন্যের কোঠায়। অমরত্বের আগুন মিশ্রিত পরাজয়ের বলেয়ে বন্দী হয়ে আমার প্রতিটি পদক্ষেপ হয়েছে কেবলই অবান্তর। বেঁচে আছি এই সত্যকে প্রকাশ করতে আমি মিথ্যে অভিনয় করেছি প্রতিনিয়ত। হায় জীবন! অমূল্য উপহার সমাহার! হয়তো এটাই ভাগ্যের পরিহাস, নির্মম হেয়ালিপনার অমীমাংসিত অধ্যায়, চেনা-অচেনা জাগতিক পরাজয়ের অনুকাব্য। যে জন্মপরাজিত সে জয়ী হবেই বা কিভাবে? নিত্য সঙ্গী তার নিষ্ঠুর নিয়তি। জন্মই যেন হয়েছে অন্যায়, অপরাধ, আজন্ম পাপ। তাই প্রার্থনা আজ ক্ষমার।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন