দ্রোহের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দ্রোহের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কবি, কবিতা ও বিবেকের কথা

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৪

একটি কবিতা লিখব বলে সহসা নির্ঘুম সময় কেটে যায়,
মস্তিস্কের চোরাগলি পথে হয় শব্দ কথার বিক্ষিপ্ত সমাগম।
পৃথিবীর মোহজাল আমাকে ভাবায় প্রেম নিয়ে-
আমি লিখি স্বপ্ন, আকাঙ্ক্ষা আর সহস্র আকুলতার কথা,
কিন্তু বিবেক সম্মুখে এসে দাড়ায়, জিজ্ঞাসু কণ্ঠে বলে-
কি লেখ কবি, স্বপ্নময় রুপকথা? প্রেমের কবিতা?
আমি উত্তরে বলি হ্যাঁ, কেননা প্রেম অমর, শাশ্বত।

বিবেক তাচ্ছিল্লের হাসি হেসে বলে-
তুমি বোকার স্বর্গে আছো কবি, আছো মোহে, বিবভ্রমে।
বর্ণিল স্বপ্নের ভগ্ন রুপ কি তুমি দেখনি? দেখনি মরিচিকা?
নিযুত উপমায় যে নারীকে নিয়ে এত লেখা সেকি শুদ্ধ,পবিত্র?
শুধু শুদ্ধলিপি কেন পূজা কর? পড়োনি কালিমার স্বরলিপি?

হে কবি-
তুমি কি তৃষ্ণার্ত প্রেমিক? তুমি কি ছলনাময়ী নারীর পূজারী?
নাকি তুমি বিক্রি হওয়া মেরুদণ্ডহীন পুরুষ আথবা উন্মাদ?
যদি শুদ্ধতা থেকে থাকে তা আছে শুধু ঈশ্বরের বুকের অভিধানে।
ভেবে দেখ কবি আর একটি বার।

সঙ্কুচিত হল ভুরু তারপর নত হয়ে এলো মাথা আমার,
অবনত মস্তকে কম্পিত কণ্ঠে আমি প্রশ্ন করি কে তুমি?
আমি বিবেক! আমি তোমার সত্য অস্তিত্ব, তোমার পূর্ণ-
আত্মা-স্বত্বার অটুট কেন্দ্র। দেহামনে আমি সদা জাগ্রত।
আমার বিদ্রূপে তুমি নিশ্চুপ থেকনা বসে , জেগে ওঠো-

জেগে ওঠো হে কবি-
তুমি সৃষ্টির কথা বল,তুমি একক, মৌলিকতার কথা বল,
তুমি সৃষ্টিচারী একেশ্বর,পরমেশ্বর, আরাধনার কথা বল,
তুমি প্রগৈতিহাসিক কালের সূচনা তার আগ্রগতির কথা বল,    
তুমি কালের ক্রমবিন্যাস, মুক্ত ধারার বিবর্তনের কথা বল,
তুমি কালের বুকে লিপিবদ্ধ স্মৃতিকথা, ইতিহাসের কথা বল,
তুমি সভ্যতা,দ্রহকাল, মহাকাল, এই কালবেলার কথা বল,  

এ সময় এখন পণ্যবাদী, আত্মকেন্দ্রিক, মোহের মায়া জালে বন্দি; 
মৌনতার জালে বিদ্ধ হয়েছে আত্ম চেতনা, ন্যয়- নীতিবোধ,
তুমি ছিঁড়ে ফেল সেই জাল, ছড়িয়ে দাও সত্য জাগতিক বোধ।     
তুমি উন্মোচন কর কান্নার ধ্বনি-প্রতিধ্বনি,পাঁজর ভাঙ্গার শব্দ,
যত বঞ্চিত, লাঞ্ছিত বুকের গ্লানি বয়ে আনো তোমার কবিতায়,
তুমি স্বতন্ত্র হও, তুমি বিদ্রোহী হও কবি একাগ্র চিত্তে


তুমি তো অন্ধ নও হে কবি-
তুমি দেখেছো জয়নুল আবেদীনের আঁকা সেই দুর্ভিক্ষের ছবি-
যে ছবি কথা বলে,যে ছবি অশ্রু আনে অক্ষিগোলকে-
তুমি  সেই ভাষা আনো, সেই কথা বল তোমার কবিতায়।
বিদ্রোহী কবির ঐ বিদ্রোহের আগুন জ্বালো তোমার কবিতায়।

ত্যাগের মহিমায় যে বিপ্লবীরা আজও অমর তুমি তাঁদের কথা বল।
তুমি বিপ্লবী হয়ে ওঠো আপন শক্তিতে অপশক্তির বিরুদ্ধে।
নষ্ট রাজনীতির মোড়ক ছিঁড়ে ফেল তোমার কবিতার ঝংকারে।
তুমি আমৃত্যু প্রতিবাদ কর প্রতিবাদের ভাষায় প্রতিবাদীদের মত,
তোমার কবিতায় তুমি আনো দিনমুজুর,কর্মঠ শ্রমিকের ঘাম-
হাতুড়ি,শাবল,কোদাল,নাঙলের কথা, দুঃখ,জরা,আর্তনাদের কথা।
তুমি যুদ্ধের কথা বল, জয়ের কথা বল,পরাজয়ের বিস্মরণের কথা বল।
তুমি সাধারন মানুষের কাতারে গিয়ে দাড়াও হে কবি-
তুমি মুক্তির কথা বল
   



দ্বিধা জাগে

শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪

আজ দ্বিধা জাগে –মাটির বুকে সুখের অস্তিত্ব নিয়ে,
শূন্যে ভেসে যাওয়া পাখির ডানায় সুখ দেখে ভাবি আমি-
হয়তো সব হয়ে গেছে লুট,এখানে শুধুই হাহাকার,
এ শুধু কেবলই বিরান ভুমি
-তাই দ্বিধা জাগে।

অরণ্যের কাঁচা সবুজের মাঝে বিষ কাঁটা,
চোরা-আগুন শুকনো পাতায়, দ্বিধা তাই পথ চলায়-
বিচরিত পতঙ্গের জীবন পারাপারে।
বাতাসের প্রানে বিষবাস্প,মিশে আছে মৃত্যুর ছায়া,
তবুও আশৈশব অভ্যস্ত,ক্রমেই ক্ষয়ে ক্ষয়ে যাওয়া।
আজ প্রান ভরে শ্বাস নিতে -তাই দ্বিধা জাগে।

যে মাটির বুকে মানুষ বেঁধেছে ঘর, আজ বুঝি তা ভঙ্গুর,
যে আকাশ ভেবেছি সীমাহীন আজ তার সীমারেখা সম্মুখে।
আজ দেখি নক্ষত্র আলোক বিন্দুরও আছে অপমৃত্যু,
শতাব্দীর বুকে টিকে থাকতে পারে না ধীরেন কচ্ছপও।
ঘাস ফড়িং,রঙিন ঘুড়ি,দুরন্ত ফিঙে পাখিটার ডানায়ও-
ভর করে ক্লান্তি। ফুরিয়ে যায় প্রদীপের ভেজা সলতে
-তাই দ্বিধা জাগে।

স্বপ্নের জল সিঁড়ি বেয়ে ওঠা পথ হয়ে গেছে আগুনের পথ,
কোমল প্রেমও হয়েছে পাথর,এই নিরেট সভ্যতার বুকে দেখি-
পাথর জীবন, পাথরের ফুল, পাথরের চোখ।
কুমারী বুকের হিরণ্ময় দ্যুতি জ্বলে জ্বলে ফিকে হয়ে গেছে,
উগ্রতায় বিলীন হয়েছে মুগ্ধতা ।
প্রাচীরের মত স্তম্ভিত সুদিঢ় বিশ্বাস আজ দেখি ঠুনকো,
প্রশান্তির নীড়ে আঘাত হানে প্রবঞ্চনার বান
-তাই দ্বিধা জাগে।

আজ দ্বিধা জাগে,বলতে পারি না ভালোবাসি কেননা-
আমার ভালবাসাও হিংস্র, তীক্ষ্ণ দৃষ্টির বাজপাখি,
আমি হতে পারিনি অপার্থিব মানুষ।
কাল-নাগের বিষফণা আমার হৃদয়ে,রক্তিম মৃত্যু হয়-
বিষদাঁতের ভয়াল ছোবলে যা বড় যাতনাময়
-তাই দ্বিধা জাগে।

মহাকালের বুকে জমা উজ্জ্বল ইতিহাস আজ দেখি মলিন,
ভাঙনের স্মৃতিকথা আজ হয়েছে উপক্ষেতি,হয়েছে রুপ কথার গল্প।
মূল্যায়ন শুধু অভিধানের পাতায় নিশ্চুপ ধংসের দিন গোনে,
আমারা যাকে সমাজ বলি তার বুকেই আশ্রয় গড়েছে-
পরজীবী ছত্রাক,প্রাননাশী ভাইরাস । নিত্য ছুটে চলেছে-
অসামাজিক কর্মকাণ্ডের দুরন্ত পাগলা ঘোড়া
-তাই দ্বিধা জাগে।

ঘুণপোকার মত প্রতিনিয়ত জীবনকে কুরে কুরে খাচ্ছে জীবনই,
যে আনন্দ বেদনায় মানুষ বদলে যায় ক্ষণিকের তরে -
তার অস্তিত্ব কেবলই শূন্যতায়, স্পর্শের বাইরে ,
তাই- সবই মনে হয় অবান্তর।
যে সময়ের প্রত্যাশায় মানুষ কেবলই দিন গোনে-
পঞ্জিকার পাতার দিকে তাকিয়ে, তা চলে যায় নিঃশব্দে,
পড়ে থাকে শুধু যাতনাময় অযাচিত সময়
-তাই দ্বিধা জাগে।

বর্ণময় আলোকসজ্জায় বাড়ে সৌন্দর্য,বাড়ে পাপ-ধ্বংস, তবুও-
হাসিমুখ, ক্রিস্টালের আলোর খাঁজে কালচার।
বোধে নেই-শ্রদ্ধা , ঈশ্বরও আপেক্ষিক ,
কবিতা বইয়ের কষ্ট লেখা পাতায় বানানো ঠোঙা হাতে-
হেঁটে যায় জীর্ণ অবুঝ বালক,
নিঃসঙ্গ মৃত্যু হয় অপ্রকাশিত লেখাগুলোর নিভৃতে
-তাই দ্বিধা জাগে।

জন্মের শুরু থেকে ক্ষুধা সত্য,চির অমর,
বাস্তবতায় নির্মম,নিষ্ঠুর অভাবনীয় নির্লজ্জ তাই-
ক্ষুধার্ত কাক, ক্ষুধার্ত শকুনের ঠোঁট দেখে জাগে শঙ্কা,জাগে মায়াও ।
এক টুকরো রুটি নিয়ে চলে যুদ্ধ ক্ষুধার্ত কুকুর আর-
দুর্ভাগ্যের বালকের সাথে । ভাগ্যবান মানুষেরও ক্ষুধা আছে কামের-
ক্ষুধা আছে লালসার ।
সর্বগ্রাসী ক্ষুধাও আছে এই পৃথ্বীতলে।
ক্ষুধার রাজ্যে কেউ ফুটপাতে,কেউ অভিজাত পান্থশালায়-
সাজানো শান্তি নিকেতনে,তবুও জাগ্রত অতৃপ্ততা ।
আমিও ক্ষুধার্ত হই , ভিতরে জেগে ওঠে নির্লজ্জ এক স্বত্বা,
তবে কি আমার ভিতরে দ্বৈত স্বত্বার সাংঘর্ষিক বসবাস?
নাকি আমিও অমানুষ?
-আজ দ্বিধা জাগে।

দ্বিধা জাগে- মনে, প্রতিটি ক্ষণে, কারনে অকারণে-
দ্বিধা জাগে- জীবনের কঠিন বাস্তবতার সম্মুখে দাড়িয়ে,
দ্বিধা জাগে- হৃদয়ের মাটিতে বোনা স্বপ্ন বীজের অঙ্কুরতায়,
দ্বিধা জাগে- মূর্তিমান বেদনায়,প্রানবন্ত উচ্ছ্বাসের আলোয়,
দ্বিধা জাগে- অর্বাচীন পাখির ঠিকানাহীন জীবন যাপনে,
দ্বিধা জাগে- হিংস্র শিকারির চোখে হিংস্রতা আবার মায়া দেখে,
দ্বিধা জাগে- অতৃপ্ত আত্মার কান্না, হাসি,আস্ফুট গানে,
রহস্যময় নিকষ আঁধারের সূচনায়, ক্লান্ত ভোরের ক্লান্তি ভরা মুখে,
ক্ষীয়মাণ আলো শেষে অন্ধকারে ঝলসানো অগ্নি-নারীর মুখ দেখে
-আজ দ্বিধা জাগে।

দ্বিধা জাগে- সদ্য জন্ম নেওয়া রাঙ্গা শিশুর অজ্ঞাত কথায়-
মৃত্যুশয্যায় শায়িত বৃদ্ধর পৃথিবীকে জানানো চির বিদায়ের বানীতে।
দ্বিধা জাগে- মাটিতে পড়ে থাকা ভাঙ্গা পাঁজরের হাড়,মাথার খুলি দেখে,
দ্বিধা জাগে- নতুন সূর্যোদয়ে আবার তার নিভে যাওয়া অনুক্ষণে,
দ্বিধা জাগে- ব্যস্ত রাজপথে আবার তার নির্বাক ঘুমন্ত জনশূন্যতায়,
দ্বিধা জাগে- প্রোগৈতিহাসিক কালের সূচনার কথা শুনে,
সভ্যতার বুকে নির্মম ধ্বংসের দৃশ্যায়নে, দ্বিধা আজ-
রক্তে ভেজা পতাকায়, সার্বভৌমত্বে, অর্জিত স্বাধীনতায়।
আজ দ্বিধা জাগে- বিবর্তনে, এপার- ওপার, নির্বাসিত ঈশ্বরে ।