ভক্তিময় কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভক্তিময় কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শ্রদ্ধার স্মরণে "বাবা"

শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪

নিঃস্বার্থ উদারতার আকাশে দেখেছি তোমারে,
হে মহা প্রান-একটি প্রণাম জানাই তোমার তরে।
দেখিনিকো দেব,দেবতার হাত,দেখিনি খোঁদার আসন,
শুধু,দেখেছি ধরাতে-তোমার চোখেতে-বুকে যা করেছ ধারন।

সাত সিন্ধুর প্লাবিত জল, আছে পর্বত হিমালয়,
আছে সে অনড় পাহাড় চূড়া , ভক্তির দেবালয়।
দ্যুতিমান এক আলোকে করেছ দিনের উদ্ভাসন,
দেখেছি দহন,নীরব সহন,চেপে রাখা ক্রন্দন।
ক্লান্তির পায়ে দলেছ বিলাস,তুচ্ছ করেছ দুঃখ,
রুক্ষ করেছ নিজ জীবনের কোমল প্রভাতী-গুচ্ছ।
অভিসারি হয়ে হেঁটেছ সে পথে,যে পথে বিষের কাঁটা,
তবু,বুলায়ে দিয়েছ-কোমল পরশ,বুঝতে দাওনি ব্যথা।

ক্ষত বিক্ষত হয়েছ নিজেই,সয়েছ নিন্দা-গ্লানি,
তবুও নিপুণ-সাজিয়েছ নীড়, হয়েছ পরিত্রাণী ।
বুকের রক্ত ক্ষরণ হয়েছে দৈন্য-জরার ঘাতে,
তবুও মাথা নুইয়ে পড়েনি কষ্টের কষাঘাতে ।
শুধু গড়ে গেছ অটল হয়ে-আগামী দিনের তরে,
রচে গেছ প্রেম নীরবে,নিভৃতে-ভাঙা পাঁজরের ঘরে।
আত্মত্যগের মহিমা তুমি দেখায়েছ ধরাময়,
লক্ষ বীরের সেই মহা বীর,তোমাতেই খুঁজে পাই।

দেবতার হাত দেখেছি ধরায়, তোমারই প্রানের প্রেমে,
বঞ্ছিত মুখে হাসি ফোটে তব,তোমার অমোঘ ত্রানে ।
হে মহা ত্যগি,আমি অনুরাগী, আজ স্মৃতিতেই বিস্ময়,
জল আসে চোখে, গভীর আবেগে, মম শীর তব নত হয় ।

বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ

বুধবার, ২৯ জানুয়ারি, ২০১৪

সিন্ধুসম মায়াময় আঁচলের স্নেহতলে এসেছি মাটির এ-প্রান্তে
মমত্বের বাহুডোরে তুমি রেখেছিলে জড়ায়ে গভীর আবেগে
প্রদীপের মত শিহরের পাশে জ্বলেছ রাতের নিকষ আঁধারে ।
তোমার ছোঁয়ায় জড়ানো ছিল ভয়হীন কোমল প্রশান্তি ,
তোমার আঁচল ছিল আকাশ ঢাকা সঞ্জীবনী মেঘমালা ।
আমার অস্তিত্বের প্রতিচ্ছবি ছিলে তুমি-
তোমার নিবিড় আশ্রয় – গর্ভ থেকে ভূগর্ভ সীমাহীন ।
তুমি প্রেমময়ী,তুমি কল্যাণী, তুমি শাশ্বত- চিরন্তন,
তোমাতে আমাতে এক হয়ে মিশে ছিল প্রতিটি স্পন্দন
আমি ভুলতে পারিনি।

ধরার ধূলিতে তুমি রচেছ স্বর্গ ,
শত দুঃখ, দৈন্য, ক্লেশ লুকায়ে একটু খানি চোখের জলে-
স্নেহে গড়া সুখ দিয়ে তুমি মিটায়েছ নিখিল এ বিশ্বের আবেগী তিয়াসা ।
হয়তো তোমার হৃদয় জলে ভিজে যেত ধু-ধু-মরু প্রান্তর-
উথলি উঠিত সাগর, নদী- সব কূল ছাপায়ে ।
তুমি বুঝতে দাওনি কখনও ।
তোমার নীরব সহন বদনে তাই আমি দেখেছি শুধু আনন্দ -
দেখেছি সোহাগে তৃপ্ত আলোকিত আঁখি ।
নীরব ক্রন্দন সে শুধু তুমি-ই জানো , আর জানে স্রষ্টা।

মাগো- নিবিড় শেকড়ের টান,মায়ায় ভরা সজল বীথির ঘ্রান-
আলোকিত সূর্য, নক্ষত্রবীথি আর রক্ত বিন্দুর সকল বিন্দুকনা থেকে
তোমাকে জানায় বিনম্র অনন্ত শ্রদ্ধা, পুঞ্জিত ভালবাসা ।।