শ্রদ্ধার স্মরণে "বাবা"

শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪

নিঃস্বার্থ উদারতার আকাশে দেখেছি তোমারে,
হে মহা প্রান-একটি প্রণাম জানাই তোমার তরে।
দেখিনিকো দেব,দেবতার হাত,দেখিনি খোঁদার আসন,
শুধু,দেখেছি ধরাতে-তোমার চোখেতে-বুকে যা করেছ ধারন।

সাত সিন্ধুর প্লাবিত জল, আছে পর্বত হিমালয়,
আছে সে অনড় পাহাড় চূড়া , ভক্তির দেবালয়।
দ্যুতিমান এক আলোকে করেছ দিনের উদ্ভাসন,
দেখেছি দহন,নীরব সহন,চেপে রাখা ক্রন্দন।
ক্লান্তির পায়ে দলেছ বিলাস,তুচ্ছ করেছ দুঃখ,
রুক্ষ করেছ নিজ জীবনের কোমল প্রভাতী-গুচ্ছ।
অভিসারি হয়ে হেঁটেছ সে পথে,যে পথে বিষের কাঁটা,
তবু,বুলায়ে দিয়েছ-কোমল পরশ,বুঝতে দাওনি ব্যথা।

ক্ষত বিক্ষত হয়েছ নিজেই,সয়েছ নিন্দা-গ্লানি,
তবুও নিপুণ-সাজিয়েছ নীড়, হয়েছ পরিত্রাণী ।
বুকের রক্ত ক্ষরণ হয়েছে দৈন্য-জরার ঘাতে,
তবুও মাথা নুইয়ে পড়েনি কষ্টের কষাঘাতে ।
শুধু গড়ে গেছ অটল হয়ে-আগামী দিনের তরে,
রচে গেছ প্রেম নীরবে,নিভৃতে-ভাঙা পাঁজরের ঘরে।
আত্মত্যগের মহিমা তুমি দেখায়েছ ধরাময়,
লক্ষ বীরের সেই মহা বীর,তোমাতেই খুঁজে পাই।

দেবতার হাত দেখেছি ধরায়, তোমারই প্রানের প্রেমে,
বঞ্ছিত মুখে হাসি ফোটে তব,তোমার অমোঘ ত্রানে ।
হে মহা ত্যগি,আমি অনুরাগী, আজ স্মৃতিতেই বিস্ময়,
জল আসে চোখে, গভীর আবেগে, মম শীর তব নত হয় ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন