নীরব অনুভূতির ঘোরে হারিয়ে যাই

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০১৪

অন্তহীন ব্যথিত আবেগ জেগে থাকে সারারাত-
অভিমানী নিভৃতে পাড়ি দেয় কষ্টের নীল সাগর।
ক্লান্ত নেশাময় অনুভুতি পড়ে রয় এক পাশে -
আর- স্বপ্নগুলো অবহেলায় নিশ্চুপ স্তব্ধে আবরিত ,
হৃদয়ের সীমান্তে এসে ভিড় করে অদ্ভুত সব যন্ত্রণা।

কেটে যায় দিন অন্ধকার রাতের আচ্ছন্নতায়-
মহাজাগতিক ধুলোমাখা চাকায় এগিয়ে চলে সময়।
অনুভবে মিশে থাকা শূন্যতা আরও জাপটে ধরে-
নিঃশব্দে অপেক্ষমান মুহূর্তগুলোর সাথে মিশে থাকে ক্রন্দন,
নিত্য চলে অব্যক্ত কথার লুকোচুরি খেলা।

আমৃত্যু হেঁটে চলে বিষণ্ণ মৌন এক মিছিল-
জাগ্রত বেদনার সাথে শামিল হয় দুঃখেরা।
নীল পর্দার আড়ালে লুকিয়ে থাকে না যেন আর কেউ-
প্রেত্মাত্তা সুখ শুধু আড়ালে লুকিয়ে দেখে সব,
শুধু মেঘ জমে, ঝড় ছুটে এসে থেমে যায় এই পথে।

স্মৃতির ভাঁজে জমে থাকা দগ্ধ ব্যথা বের হয়ে আসে-
স্বচ্ছ কাঁচের মত জোছনায় মিশে তা ঘোলাটে হয়।
কেবলই একাকীত্বের নীলে ডুবে যাই-ফের ভাসি -
অপূর্ণতা থেকে থেকে চিৎকার করে ওঠে নিজের ভেতর,
নীরব অনুভূতির ঘোরে হারিয়ে যাই আবার।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন