উৎসব এই সূর্যসাগর তীরে

শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪

দারুচিনি কিমবা দেবদারু দ্বীপে নয়, উৎসব এই সূর্যসাগর তীরে,
এখানে জীবনের স্পন্দন,বন্দরে বর্ণময় কোলাহল আর ব্যস্ততা ।
দিগন্তের জলসিঁড়ি বেয়ে উঠে আসে অভিলাষী আনন্দ স্বপ্ন,
এখানে অন্ধকার নেই, নেই নক্ষত্রের বিচরন নভোমণ্ডলের কক্ষপথে।
প্যথিওলিথিক যুগ হতে বর্তমান কালের বক্ষে এ উৎসব অব্যহত,
স্থির-ধুম্র নিবিড় পিরামিড সাক্ষী দেয় তার আজও দ্বিধাহীন হয়ে ।

এখানে রয়েছে ভ্রান্তির মোহ, মাটি ,আলো আর জল,
প্রমত্ত ধোঁয়ার কুণ্ডলী উড়ে যায় লালিমা আকাশের আনত বুকে।
এখানে শূন্যতার মাঝে ঝুলে থাকে বিধাতার অমোঘ বিধান,
তৃষিত চোখ আর ক্ষুধার্ত ওষ্ঠধারে কেবলই ভরা জৌলসের কামনা।
লাল গালিচা,সাজানো পসরায় আলোকিত উৎসবের আয়োজন,
সুতোয় বাঁধা বন্ধন,প্রেম,দুঃখ,ব্যথা,রাগ-অনুরাগ এখানে পরিহাস।

এখানে দেবতারা আসে না কখনো পূর্ণ-অপূর্ণতার ইন্দ্রজাল ছিঁড়ে,
আকাশ বানী এখানে এসেছে বারংবার তবু কারো ভ্রুক্ষেপ নেই।
নিঃশব্দে,সশব্দে মৃত্যু এসেছে বহুবার তবুও উৎসব মুখরিত,
বিমূর্ত আকরে চোখ বুজে অনেকেই বিশ্রামে গেছে ক্লান্ত হয়ে ।
একরাশ ঘুটঘুটে কালো অন্ধকারে আচ্ছন্ন সে বিশাল বিশ্রামাগার,
বুভুক্ষু দৃষ্টি উৎসবের আলোতে বন্দী হয়ে মত্ত হয় ফের মোহের আঞ্জামে-
চোরাবালির এই সূর্যসাগর তীরে।।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন